রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. সেলিম শেখ (৩৫)। তিনি পেশায় ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।
শনিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিমের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌধুরীপাড়া এলাকায়। তাঁর বাবার নাম ফুল মিয়া শেখ, মায়ের নাম মৃত সরলা বেগম এবং স্ত্রীর নাম তাসলিমা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি মহাখালীর দিক থেকে এসে জাহাঙ্গীর গেটে মোড় নেওয়ার সময় সেলিমের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে কয়েকজন মোটরসাইকেল আরোহী কাভার্ড ভ্যানটি আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন চালককে মারধর করেন।
পুলিশ দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।