চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল।
বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে তাঁরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় কাভার্ড ভ্যানটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মাইক্রোবাসটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।



