নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর অবস্থানস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।
তিনি এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বারহাম সালিহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে রয়েছেন। তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।



