বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের উপপরিদর্শক বিনয় কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন।
পুলিশের দাবি, তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্মতারিখের মিল নেই।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে এলেও তার আসা-যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের সন্দেহ, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে তদন্তের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
আদালতে রবিউল সাংবাদিকদের বলেন, তিনি অনেকবার বাংলাদেশে এসেছেন এবং এখানে তার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রয়েছেন। তিনি ব্যবসার সঙ্গে জড়িত এবং কোনো অপ্রয়োজনীয় ঝামেলায় পড়েছেন। র-এর এজেন্ট কি না জানতে চাওয়া হলেও তিনি এর সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন।



