মাদারীপুরের শিবচর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুতুবপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম এক হাজার ৫০ টাকা। তবে কুতুবপুর বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে ওই সার এক হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া হচ্ছিল।
অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেয়ে সকালে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কুতুবপুর ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অধিক মুনাফার আশায় অন্য ইউনিয়নে বিক্রি করার বিষয়টিও অভিযানে উঠে আসে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছিল। কুতুবপুর ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়নে অধিক মুনাফার আশায় বিক্রি করা হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।


