জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে নাগয়া সিটির মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের পঞ্চম হিটে অংশ নেন ইমরানুর।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হিটে তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তবে নিজের এই টাইমিংয়ের সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্বের ছয়টি হিটের প্রতিটিতে প্রথম তিনজন করে মোট ১৮ জন সরাসরি সেমিফাইনালে ওঠেন। সেমিফাইনালে ২৪ জন প্রতিযোগী অংশ নেওয়ায় বাকি ছয়টি স্থান নির্ধারণ করা হয় প্রাথমিক পর্বে সেরা টাইমিং করা স্প্রিন্টারদের মধ্য থেকে।
সেই বাছাইয়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ইমরানুর।
আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে সেমিফাইনালের তৃতীয় হিটে দৌড়াবেন তিনি। সেখানে ২ নম্বর লেনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরানুর রহমান।



