অল ক্রাইমস. টিভি ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশ-এ বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে।
স্টেশন ঘুরে দেখা যায়, কেউ পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। অনেক যাত্রী জানান, ঈদের ঠিক আগের ভিড় ও ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে বাড়ির পথে রওনা হয়েছেন।
বুড়িমারি এক্সপ্রেস-এর যাত্রী রইছ উদ্দিন বলেন, তিনি কাউনিয়া স্টেশনে নামবেন এবং উত্তরবঙ্গের পথে ট্রেনই সবচেয়ে আরামদায়ক বাহন হওয়ায় আগেভাগে রওনা হয়েছেন। অন্যদিকে জামালপুর এক্সপ্রেস-এর যাত্রী রাজু আহমেদ শাওন জানান, ঈদের ভিড় এড়াতে তিনি মাকে ও ছোট বোনকে নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় স্টেশনে দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে এবং বিনা টিকিটে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।



