চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আবু ছিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে দর্শনা থানার চণ্ডীপুর গ্রামের হালদারপাড়ায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আবু ছিদ্দিককে আটক করা হয়।
এ সময় বাড়ি ও আশপাশের লোকজন পুলিশকে আটক করার কারণ এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না জানতে চান। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পরোয়ানা না থাকলেও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে থানায় নেওয়া হচ্ছে।
পুলিশের এমন বক্তব্যের পর স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি। এ সময় সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে হাতকড়াসহ আবু ছিদ্দিক পালিয়ে যান। ঘটনায় দর্শনা থানার এসআই আরিফুল ইসলাম ও কনস্টেবল আমিনুল ইসলাম আহত হন।
পরে বৃহস্পতিবার ভোরে একই এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন, লক্ষণ হালদার, কনা রানিদাস, সোনালি হালদার, নাসিম হোসেন, আলম হোসেন, সেলিম মিয়া, ফিরোজ রশিদ ও আশরাফকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পুলিশের কাজে বাধা এবং হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন।
অন্যদিকে, প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে আবু ছিদ্দিককে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হাতকড়াসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া ব্যক্তিকে বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার ৯ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার (সার্কেল) মো. নুরুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবু ছিদ্দিককে আটকের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



