অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশব্যাপী বড় পরিসরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন। সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় তিনি আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সৈয়দপুর থেকে তিনি সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় যান। সেখানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। একই স্থান থেকে তিনি দেশের আরও ৫৪ জেলায় একযোগে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার ও খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন এবং মাগফিরাত কামনায় দোয়া করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নীলফামারী ও দিনাজপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।



