পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকরামুল হকের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ায়। এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার এবং ভুক্তভোগী নারীকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইকরামুলের বিরুদ্ধে। পরে কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক তাকে দেখতে পান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইকরামুল আত্মগোপনে যান বলে জানানো হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার ইকরামুলকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সম্প্রতি কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৮ অক্টোবর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...