ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নদীর কংসার দিঘির পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম হাবিবুর রহমান।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নদীর পাড়ে গিয়ে ধাক্কা খায়। এ সময় স্পিডবোটে থাকা ব্যক্তিরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আহত অন্য ব্যক্তিরা হলেন আনসার সদস্য জসিম ও রেজাউল, স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে ইউএনওসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



