সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে স্বজনরা মরদেহ নিয়ে নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
এ সময় নিহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে সহযোগিতার দাবি জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে প্রত্যেক নিহতের পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া তিন মাস পর প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে প্রথম দফায় নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল।
বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। সেই সাতজনের মরদেহই শনিবার দেশে আনা হলো।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নিহত সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।



