অল ক্রাইমস. টিভি ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোশফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে আর কোনো ব্যবসা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে।
আজ বিকেলে মিরপুরে মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আয়োজিত ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, পূর্বে যেসব ব্যক্তি বা গোষ্ঠী ফুটপাতে ব্যবসা করতে সহযোগিতা করত, তারা আর সহযোগিতা করতে পারবে না। ব্যবসায়ীদের সমস্যা মানবিকভাবে সমাধানের বিষয়ে সিটি কর্পোরেশন কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, চাইলে উচ্ছেদ করতে ফোর্স ব্যবহার করা যেত, তবে তারা আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাইছেন।
সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান এবং পর্যাপ্ত সময় প্রদানের দাবি জানান। তারা বলেন, বহু বছর ধরে তারা ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, হঠাৎ উচ্ছেদ হলে তাদের পরিবার ও জীবনযাত্রা সংকটে পড়বে।
প্রশাসক জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান করা হবে এবং এ বিষয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া ব্যবসায়ীদের একটি টোকেন প্রদান করা হবে, যাতে কোনো চাঁদাবাজ তাদের কাছ থেকে চাঁদা নিতে না পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



