অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই বয়সসীমার সব শিশুকেই টিকার আওতায় আনা হবে—আগে টিকা নিয়ে থাকলেও পুনরায় টিকা দেওয়া হবে। তবে যারা বর্তমানে হাম বা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের টিকার পরিবর্তে ভিটামিন ‘এ’ প্রদান করা হবে।
তিনি আরও জানান, রোববার থেকে দেশব্যাপী হামের প্রকোপ বেশি এমন ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী ব্যাখ্যা করেন, ২০২০ সালের ডিসেম্বরের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়া অনেক শিশু এখনো টিকা পায়নি। তাই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগে টিকা নেওয়া থাকলেও আবার টিকা গ্রহণ করলে কোনো ঝুঁকি নেই।
উল্লেখিত ৩০টি উপজেলার মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সদর, ময়মনসিংহের ত্রিশাল, ফুলপুর ও সদর, গাজীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামুসহ দেশের বিভিন্ন অঞ্চল।



