অল ক্রাইমস.টিভি ডেস্ক
সরকারি চাকরিতে শৃঙ্খলা জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন সংশোধনী পাস করেছে জাতীয় সংসদ। ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে অবাধ্যতা, কর্মবিরতি বা নির্দেশনা অমান্যকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়।
নতুন আইনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাধা দেওয়া বা যুক্তিযুক্ত কারণ ছাড়া সম্মিলিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা পদাবনমনের মতো শাস্তির বিধান রাখা হয়েছে।
এছাড়া অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীকে ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে এবং প্রাথমিক সত্যতা পেলে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন ১৪ দিনের মধ্যে জমা দিতে হবে, প্রয়োজনে সময়সীমা বাড়ানো যাবে।
তদন্তে বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।
সরকার বলছে, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়বদ্ধতা ও কার্যকারিতা বাড়াতে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



