অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শহরের অভ্যন্তরে থাকা অনুমোদনবিহীন সব আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনবিহীনভাবে বাস কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং এবং যাত্রী ওঠা-নামা অন্যান্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত করছে। এতে মহানগরে রাতের সময়েও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। ডিএমপি এই পরিস্থিতি রোধে শহরের অভ্যন্তরে অবস্থিত সমস্ত অবৈধ বাস কাউন্টার স্বেচ্ছায় অপসারণের জন্য ৭ কার্যদিবসের সময়সীমা দিয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে কাউন্টার অপসারণ করা না হয়, তাহলে রুট পারমিট বাতিলসহ মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত এবং অর্থদণ্ডের বিধান।
ডিএমপি কমিশনার ভারপ্রাপ্ত সরওয়ার সাধারণ মানুষ ও বাস মালিকদের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করেছেন এবং সকলকে সহযোগিতা করতে বলছেন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাবতলী, মহাখালী ও সায়দাবাদ এলাকায় অনুমোদিত বাস কাউন্টার বাদে অন্য স্থানে এসব কার্যক্রম অবৈধ বলে গণ্য হবে এবং সেখানে কোনো বাস কাউন্টার পরিচালনা করা যাবে না।



