অল ক্রাইমস.টিভি ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪) এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে জনবল নিয়োগের কাজ চালাচ্ছে।
মন্ত্রী আরও জানান, চলতি বছরে ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এছাড়া ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন।
একই সঙ্গে তিনি ফেনী-২ আসনের এমপি জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে জানান, করোনা ভ্যাকসিন ও সরঞ্জাম কেনায় ৪ হাজার ৬৪৫ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে। সিরিঞ্জ ও পরিবহন খরচ মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। মন্ত্রণালয়ে ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, সরকার সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।



