অল ক্রাইমস.টিভি ডেস্ক
সংসদে ‘বিশ্বাসভঙ্গ’ ও নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর নেতৃত্বে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা।
ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলটি পাস হলে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী এমপিরা। পরে ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন এবং তার সঙ্গে অন্যান্য সদস্যরাও অধিবেশন ত্যাগ করেন।
সংসদ সূত্র জানায়, চলতি অধিবেশনে এটি ছিল বিরোধী দলের চতুর্থ ওয়াকআউট। এর আগে একাধিক বিল পাসের প্রতিবাদেও তারা অধিবেশন থেকে বেরিয়ে যান।
এই ঘটনায় সংসদের কার্যক্রমে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।



