অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে হামে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে এবং হামে আক্রান্ত হয়ে বা উপসর্গে মারা গেছে ১৬৪ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময়েও সংক্রমণ কমেনি, বরং হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
চিকিৎসকরা বলছেন, আগে থেকেই অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে সংক্রমণ বেশি গুরুতর হচ্ছে। এসব শিশুর অনেকেই নিউমোনিয়া, চোখের সংক্রমণসহ জটিলতায় আক্রান্ত হয়ে আইসিইউ সাপোর্টও নিতে বাধ্য হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে পুষ্টিহীনতা ও ভিটামিন ‘এ’-এর ঘাটতি হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া এবং পরে সারা শরীরে লাল ফুসকুড়ি হিসেবে প্রকাশ পায়। সাধারণত সংক্রমণের ৭–১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়।
হাম হলে কী খাবেন ও কী এড়িয়ে চলবেন
চিকিৎসকদের মতে, রোগাক্রান্ত শিশুদের ক্ষেত্রে ভাজা, প্রক্রিয়াজাত, ঝাল ও ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। বরং তরল খাবার, স্যুপ, ডাবের পানি, ফলের রস, গাজর ও সহজপাচ্য সবজি খিঁচুড়ি খাওয়ানো উপকারী।
সতর্কতা হিসেবে বলা হচ্ছে, হামের কারণে নিউমোনিয়া, কানে ইনফেকশন ও এনসেফালাইটিসের মতো জটিলতা হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।



