অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের আন্তঃনগর ট্রেনসহ গণপরিবহনে যাত্রীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।
পরীক্ষামূলকভাবে কয়েকটি আন্তঃনগর ট্রেনে সফলভাবে এই সেবা চালুর পর এখন পুরো রেল নেটওয়ার্কে এটি চালু করার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে একই প্রযুক্তি বাস ও ফেরিতেও চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
চলন্ত ট্রেনে মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা, কল ড্রপ ও ইন্টারনেট বিচ্ছিন্নতার দীর্ঘদিনের সমস্যার সমাধানে গত ঈদুল ফিতরের আগে তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালু করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।
প্রাথমিকভাবে উপবন এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে সেবা চালু করা হয়। প্রতিটি বগিতে কিউআর কোডের মাধ্যমে সহজে নেটওয়ার্কে যুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষামূলক ব্যবহারে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, এই তিন ট্রেনে মিলিয়ে প্রায় ১১ টেরাবাইটের বেশি ডেটা ব্যবহৃত হয়েছে। যাত্রীরা ট্রেন চলাকালীন ভিডিও স্ট্রিমিং, অনলাইন কাজ ও কলিংয়ের মতো সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পেরেছেন বলে জানিয়েছেন।
বিএসসিএল সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেন ও পরিবহনে বিশেষ স্যাটেলাইট রিসিভার ও ওয়াই-ফাই রাউটার স্থাপন করা হচ্ছে, যা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করবে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই এই নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন।
পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে একক সাবস্ক্রিপশন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা ট্রেন, বাস ও ফেরিতে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। বর্তমানে দেশের দুর্গম অঞ্চল ও হাওর এলাকায় ১০০টির বেশি পয়েন্টে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে দেশের গণপরিবহনে ইন্টারনেট সেবার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।



