অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে পদক গ্রহণ করেন জাইমা রহমান।
এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তালিকাটি ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদান রাখা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং আরও অনেকে।
এছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে।



