অল ক্রাইমস. টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তি গবেষণা খাতে যুক্ত অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা তদন্ত করছে হোয়াইট হাউস। পারমাণবিক ও মহাকাশ গবেষণাসহ সংবেদনশীল প্রকল্পে যুক্ত থাকার কারণে এসব ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, এখনো কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র বা নির্দিষ্ট ধারা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে।
নিখোঁজদের মধ্যে অবসরপ্রাপ্ত মার্কিন বিমানবাহিনীর মেজর জেনারেল নিল ম্যাককাসল্যান্ডসহ কয়েকজন শীর্ষ গবেষক রয়েছেন, যারা মহাকাশ ও পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকেরই গুরুত্বপূর্ণ ও গোপন প্রকল্পে প্রবেশাধিকার ছিল।
গত তিন বছরে এমন অন্তত ১০টি ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি নিখোঁজ, আবার কয়েকটি মৃত্যুর ঘটনা। অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজ মেলেনি বা মৃত্যুর কারণ পরিষ্কার নয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো প্যাটার্ন—তা শিগগিরই পরিষ্কার হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অগ্রগতি জানা যেতে পারে।
এদিকে একাধিক তদন্ত ও নিরাপত্তা সংস্থা বিষয়গুলো পৃথকভাবে খতিয়ে দেখলেও, জাতীয় নিরাপত্তা খাতে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



