অল ক্রাইমস. টিভি ডেস্ক
বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এখন থেকে সামরিক বাহিনীর হাতেই থাকবে, আগের মতোই।”
এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা দিয়েছিল, বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধবিরতির সময় প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
এরপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান প্রণালি খুলে দিলেও চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকবে। তিনি বলেন, ইরানের সঙ্গে সব চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর চাপ অব্যাহত থাকবে।
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যায়, তাহলে হরমুজ প্রণালিও দীর্ঘ সময় উন্মুক্ত থাকবে না। তার ভাষায়, এই প্রণালি দিয়ে চলাচল নির্ধারিত রুট ও ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে।
এর কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালিতে আবারও কঠোর নিয়ন্ত্রণ ও অবরোধ জারি করে ইরানের সামরিক কর্তৃপক্ষ।



