অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ শিশুর।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮০৪ শিশু এবং নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৬৫ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৪৮ জন শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় যে শিশুটি হামে মারা গেছে, সে ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশে মোট ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যাদের মধ্যে ৫৬৩ জনই ঢাকা বিভাগের।
এদিকে, গত এক দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৪৫ শিশু, যার মধ্যে ঢাকা বিভাগেরই ৩০০ জন। তবে নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি থাকায় চাপ কমছে না চিকিৎসা ব্যবস্থায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৬০৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১৫ হাজার ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩ হাজার ৪৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১২ হাজার ৩৯৬ শিশু।



