অল ক্রাইমস.টিভি ডেস্ক
বগুড়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জজ আদালতে ই–বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে আদালত চত্বরে পৌঁছান। পরে বেলা ১১টা ২০ মিনিটে ই–বেইল বন্ড সেবার উদ্বোধন করেন। একই সময় তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি–এর নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।
এর আগে সকালে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বগুড়া শহরের সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি আদালত এলাকায় গিয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন তিনি। ই–বেইল বন্ড চালুর ফলে বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজভাবে জামিন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণার কথা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করার পথ আরও সুগম হবে।
দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। এছাড়া তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে আবার শহরে ফিরে আসবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া শহরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে ভিড় করছেন এবং তাকে একনজর দেখতে অপেক্ষা করছেন।



