রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন— রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুই শ্রমিকের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। ড্রেসিং চলমান থাকায় তাদের দগ্ধের সুনির্দিষ্ট মাত্রা পরে জানানো হবে। তবে তিনজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।



