প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমখাতের সংস্কার ও আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও শক্তিশালী হয়েছে। শ্রমখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার।
বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য শুভেচ্ছা জানান আইএলও মহাপরিচালক। তিনি এটিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
এছাড়া শ্রমখাতে চলমান সংস্কার, তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রমখাতে সরকার ও আইএলওর সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইএলও বাংলাদেশের শ্রমখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।



