মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া এলাকায় পদ্মা নদীর ভয়াল ভাঙন থেকে রক্ষা পেতে ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণ বাঁধের একাংশ নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মাথায় ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত ১২ জুলাই বিকেলে গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশে নির্মিত স্থায়ী বাঁধের প্রায় ২০ মিটার অংশ কোনো বড় শব্দ ছাড়াই হঠাৎ পদ্মার প্রবল স্রোতে তলিয়ে গেলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় নদীর তীরের বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত রবিবার বিকেলে হঠাৎ প্রথমে কয়েকটি সিসি ব্লক সরে যায় এবং মুহূর্তের মধ্যে বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে স্রোতে তলিয়ে যেতে শুরু করলে আশপাশের পরিবারগুলো ভয়ে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে থাকেন।
আরেক স্থানীয় বাসিন্দা শাহিদা বেগম নিজের আকুতি ব্যক্ত করে বলেন, ‘এভাবে বাঁধ ভেঙে যাবে আমরা ভাবতেই পারিনি। কয়েকবার পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে নদীর তীরে ছিলাম। এখন এভাবে ভাঙছে, কখন যে কী হয় আমরা বুঝতে পারছি না। আমার ছেলেমেয়ে নেই। স্বামী-স্ত্রী দুজনে কৃষিকাজ করে কোনও রকম জীবন পার করছি। রাতে ঘুম হয় না কখন আবার ভেঙে যায়। এই ঘর ভেঙে অন্য কোথাও নিয়ে যাবো সেই টাকাও নেই। সরকারের কাছে দাবি আমাদের এই বাঁধটা যেন ভালোমতো করে দেয়। আমরা এখানেই থাকতে চাই।’
বাঁধের এমন দ্রুত ধ্বসে নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা আবু সালাম মোল্লা বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি স্থায়ী বাঁধ এত অল্প সময়ে ধসে পড়া কোনোভাবেই স্বাভাবিক নয় এবং এখানে অবশ্যই দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। অপর স্থানীয় বাসিন্দা আবু হানিফ জানান, দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে গাঁওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা ও বাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

অভিযোগ ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত অংশ পরিমাপ করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। আমরা সার্ভে করেও দেখেছি আগে চিত্র ছিল যেটা বর্তমানে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এই প্যাকেজটি হচ্ছে রানিং। ঠিকাদারের কাজ এখনও শেষ হয়নি। আমরা এখন জিও ব্যাগ ডাম্পিং, ব্লক ডাম্পিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছি। চেষ্টা করা হচ্ছে যেন পরবর্তীতে কোনও ক্ষয়ক্ষতি আর না হয়।’ কাজের নিম্নমান সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি জানান, টাস্কফোর্স সদস্যরা সবকিছু চেক করার পরেই ব্লক ও ব্যাগ ডাম্পিং করা হয় এবং বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান কনস্ট্রাকশনের সাইট প্রকৌশলী ছানাউল ইসলাম কাজের মান ঠিক ছিল দাবি করে বলেন, ‘পদ্মায় পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে নদী তীরের নিচের মাটি সরে গেছে। এ কারণে ধসে গেছে। পরিস্থিতি মোকাবিলায় জিও ব্যাগ ফেলে কাজ চলছে। তবে আমাদের কাজের কোনও ঘাটতি নেই। কোয়ালিটি মেনেই কাজ চলমান আছে।’
সার্বিক বিষয়ে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, ‘এখন ভয়ের আর কোনও কারণ নেই। খবর পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিমাপ করে ভাঙন প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। নদীতীরের মাটি সরে যাওয়ায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আপাতত জিওব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে কাজের মান বা কোনো ত্রুটি ছিল কি না সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



