সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে জাতীয় সংসদের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনা মাত্রই কোনো সংসদ সদস্যের পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে জাতীয় সংসদের রেফারেন্স বা আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আব্দুর রহমানেল মাছউদ জানান, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল যদি কোনো সদস্যকে দল থেকে বহিষ্কার করে, তাহলে শুধু সেই কারণে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে প্রয়োজনীয় চিঠি বা নির্দেশনা এলেই নির্বাচন কমিশন বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, সরকার ও নির্বাচন কমিশন সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে আবহাওয়া, সরকারি পরীক্ষা এবং অন্যান্য বাস্তবতা বিবেচনায় নিয়ে ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।



