মুনতাসীর মামুন :
টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত
রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক টাউনহল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলস্টেশন ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে বেলা ১১টায় র্যাব-৩ ও বাংলাদেশ রেলওয়ে যৌথভাবে সভাটির আয়োজন করে।
ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন র্যাব-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেলওয়ে পুলিশের (জিআরপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুক মিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক ও স্টেশনমাস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান বাড়াতে করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে টিকিট কালোবাজারি, মাদক সেবন ও কেনাবেচা, চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদকসেবী, মাদক কারবারি, টিকিট কালোবাজারি চক্র এবং চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে র্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মকর্তারা জানান, যাত্রীরা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য স্টেশন এলাকায় নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৩-এর অভিযানও অব্যাহত থাকবে।



