মুনতাসীর মামুন :
চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তাঁর অন্যতম সহযোগী রায়হানসহ দুর্ধর্ষ এক সন্ত্রাসী চক্রকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, একই সময়ে নোয়াখালীতে আরেক অভিযানে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসী রায়হান। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। ইমনকে গ্রেপ্তারের পর পুরো অভিযানের বিবরণ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
এর আগে রবিবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে চালানো অভিযানে তাঁর কোমর থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর আরিফের কাছ থেকে পাওয়া যায় আরও দুই রাউন্ড গুলি। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের হয়ে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করে।



