পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ ৩ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও নগদ অর্থসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন পিরোজপুরের ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জের সুজন (৩৮) এবং বরগুনার নান্না বেপারি (৫৭)।

র‍্যাব-৬ জানায়, নান্না বেপারির বাড়িতে অভিযান চালিয়ে ইলিয়াস ও সুজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে র‍্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে। এছাড়া সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রধান খবর

আসছে...