আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরেরও সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হতে পারে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে পরিচিত বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে মতবিনিময় এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক আরও জোরদার করবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
সার্বিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের চূড়ান্ত সময়সূচি ও আনুষ্ঠানিকতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।



