গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশন এলাকায় পৌঁছানোর পর বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। এ সময় হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও আশপাশের যানবাহনের চালকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



