সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রেস সচিব আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারান।



