বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের অতীত ভূমিকা নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং ও সরকারের প্রকাশ্য বক্তব্যে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে, সেখানেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত।
ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।



