১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
সফরকালে পেজেশকিয়ান ব্রিকসের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
তেহরান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে পেজেশকিয়ান বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সক্ষমতা ব্রিকসের রয়েছে। তিনি সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও উল্লেখ করেন।
সফরকালে ইরানের প্রেসিডেন্ট ব্রিকস নেতাদের প্রধান বৈঠক, ব্রিকস অর্থনৈতিক ফোরাম এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন ও বহুপাক্ষিকতা জোরদার বিষয়ক রুদ্ধদ্বার অধিবেশনে অংশ নেবেন ও বক্তব্য রাখবেন।
বর্তমানে ব্রিকসে ২১টি সদস্য রয়েছে। এর মধ্যে ১১টি পূর্ণাঙ্গ সদস্য এবং ১০টি নতুন সদস্য, যারা ‘ব্রিকস প্লাস’ নামে পরিচিত।



