চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাচারের সময় একটি ট্রাক থেকে ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, আলমডাঙ্গা হাঁপানিয়া ক্যাম্পের সদস্যরা সারবোঝাই ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪৪০ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
এ ঘটনায় ট্রাকের চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার ইসরাফিল এবং আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মিনারুল ইসলাম।
আলমডাঙ্গা হাঁপানিয়া ক্যাম্পের ইনচার্জ জুম্মান খান সার জব্দ ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



