পরীক্ষামূলক সংস্করণ

সার সিন্ডিকেটে জিম্মি কৃষক-মৎস্য চাষি

নাটোরের লালপুরে রাসায়নিক সারের বাজারে সিন্ডিকেটের কাছে কৃষক ও মৎস্য চাষিরা জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দের সার ডিলারদের হাত ঘুরে অবৈধ মজুদদার ও অনুমোদনহীন ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে। পরে সেই সারই কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের।

সিন্ডিকেটের কারসাজিতে সরকার নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সার কিনলেও কোনো ভাউচার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসি ও বিএডিসি ডিলারদের বরাদ্দ করা সার সরাসরি কৃষকের কাছে না গিয়ে প্রথমে সিন্ডিকেটের মাধ্যমে মজুত করা হচ্ছে। পরে সাব-ডিলার ও অনুমোদনহীন খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে এসব সার বাজারে ছাড়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, এভাবে কৃত্রিম সংকট তৈরি করে প্রতি বস্তা সারে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

কৃষকদের দাবি, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; সার সরবরাহের এই সিন্ডিকেট ভেঙে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলার বড়বড়িয়া গ্রামের কৃষক আসলাম উদ্দিন জানান, আমন ধান চাষের জন্য প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ডিলারের কাছে না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়েছে তাকে।

একই অভিযোগ অমৃতপাড়া গ্রামের কৃষক মো. জিল্লুর রহমানের। তিনি বলেন, ‘বাকিতে সার নিলে সুযোগ বুঝে দ্বিগুণ দাম নেয়। কিছু বলারও উপায় নেই।’

মোমিনপুর গ্রামের মাছ চাষি হাফিজুল ইসলাম জানান, তার ২০টি পুকুরে প্রতি মাসে ১৭ বস্তা সার প্রয়োজন হয়। কিন্তু ডিলারের কাছে পর্যাপ্ত সার না পাওয়ায় তাকে বেশি দামে সার কিনতে হচ্ছে।

তিনি বলেন, ‘টাকা বেশি দিলেই সার পাওয়া যায়—এটাই এখন নিয়ম।’

অনুসন্ধানে আরও জানা গেছে, আন্তঃজেলা একটি নেটওয়ার্কের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। উপজেলার এক ভ্যানচালক আমিরুল ইসলাম জানান, রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিয়মিত সার এনে নাটোর, দুর্গাপুর ও পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

তিনি জানান, পরিবহনের সময় নজর এড়াতে বস্তাগুলো রঙিন অস্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়।

একই তথ্য দিয়েছেন আরেক পরিবহন শ্রমিক হাবিল উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই অনুমোদনহীন ব্যবসায়ীও স্বীকার করেছেন, তারা বাঘা থেকে সার এনে বড়াইগ্রাম ও ঈশ্বরদী এলাকায় সরবরাহ করেন।

উপজেলার এক কীটনাশক বিক্রেতা ফুরকান আলী জানান, অনুমোদন না থাকলেও তিনি ঈশ্বরদীর আরামবাড়িয়া থেকে সার এনে বিক্রি করেন। তার ভাষ্য, ‘বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করি।’

এদিকে পরিচয় গোপন রেখে আরামবাড়িয়া বাজারের এক সাব-ডিলারের কাছে সার কিনতে চাইলে তিনি ৫০ বস্তা পর্যন্ত সার সরবরাহের প্রস্তাব দেন। তিনি জানান, চট্টগ্রাম থেকেও ট্রাকে করে সার এনে এলাকায় বিক্রি করা হয়। ওই সাব-ডিলারের বিরুদ্ধে ভেজাল সার বিক্রির অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি সেপ্টেম্বর মাসে লালপুরে ৬৮০ মেট্রিক টন ইউরিয়া, ২৩৭ মেট্রিক টন টিএসপি, ২০০ মেট্রিক টন ডিএপি এবং ২৮০ মেট্রিক টন এমওপি সারের চাহিদা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, ‘চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হয়েছে, সংকটের কোনো কারণ নেই। তবে অনেক সময় কৃষক প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করায় সমস্যা সৃষ্টি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সার পাচার ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে নজরদারি চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সার পাচার ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তকী ফয়সাল তালুকদার এবং পাবনার ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

প্রধান খবর

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইসি আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চায়।

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রামে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

আসছে...