মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সরদারপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুটের সঙ্গে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর স্থানীয়রা বস্তুটি ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া চিরকুটে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে টাকা না দিলে আরও ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ কথাটিও লেখা রয়েছে।
চিরকুটে কয়েকজনকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় অভিযোগের পাশাপাশি টাকা না দিলে ‘এটি একটি নমুনা মাত্র’ বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



