মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পালকী পরিবহনের একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল।
এ সময় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পালকী পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সেটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।



