চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এ ঘটনা ঘটে। রেলওয়ের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে ওই ট্রেনের পরিবর্তে বিকল্প ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার ঠিক আগমুহূর্তে এক যাত্রী বগির ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করেন। তখন রেলওয়ের একজন কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। তাঁর সঙ্গে শিক্ষার্থীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
তাওসিফ হোসাইন আনন্দের ভাষ্য, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। তল্লাশির সময় বগির ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় বলে তিনি জানান। আসনেও কেরোসিনের উপস্থিতি দেখা গেছে বলে তাঁর দাবি। এসব আলামতের ভিত্তিতে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগের চেষ্টা বলে তাঁর ধারণা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, বটতলী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনটি পরিবর্তন করা হয়।
প্রক্টর ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে উল্লেখ করেন। তাঁর মতে, স্টেশনে দাঁড়িয়ে থাকা কিংবা যাত্রা শুরুর আগে ট্রেনের পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে এ ধরনের ঘটনার সুযোগ তৈরি হতে পারে।
এ ঘটনার পর বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টহল বাড়ানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত করার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের অগ্রগতি প্রকাশ্যে পাওয়া যায়নি।



