নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটির মালামাল পুড়ে গেছে। ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ট্রাকচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান।
পরে স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্কিং করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটিকে লক্ষ্য করে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন জানান, ভোর ৪টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক পার্কিং করে ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এরপর অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।
স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্কিং করা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে তিনি দাবি করেন। এরপর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার বলেন, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্কিং করে ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। পরে তিনি জানতে পারেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি বলেন, ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, তারা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে টহল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন দেখতে পান। তবে কারা কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এসআরবি-১১-এর একটি টহল দল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুজন ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাতে তাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।



