নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী সালেহা বেগমকে গলাকেটে হত্যার দায়ে মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী উপজেলার খাদিমার চর এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
মামলার নথির বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৯ অক্টোবর নিজ বাসায় খুন হন সালেহা বেগম। তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার হাসেন আলীর মেয়ে। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন সালেহা।
এ ঘটনায় সালেহার বাবা হাসেন আলী তাঁর জামাতা মোবারক হোসেনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।



