রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।



