পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশে আসার পথে জাহাজ জব্দ, মিলল ৪০৫ টন কৌশলগত রাসায়নিক

চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসার পথে ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড পাওয়া গেছে। রোববার (৭ নভেম্বর) জাহাজটি আটক করা হলেও শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে ইন্দোনেশীয় নৌবাহিনী।

জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথে উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য বিরতি নেয়। এ সময় জাহাজটির অস্বাভাবিক গতিবিধি নজরে আসে ইন্দোনেশীয় নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’-এর সদস্যদের। পরে জাহাজটির গতিপথ ও নথিপত্রে অসংগতি পাওয়ায় তল্লাশি চালানো হয়।

ইন্দোনেশীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড উদ্ধার করা হয়।

নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত অক্সিডাইজিং রাসায়নিক, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। তাঁর দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সরবরাহ করা সম্ভব।

তবে সোডিয়াম পারক্লোরেট নিজে বিস্ফোরক নয়; এটি অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয় এবং ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে অন্যান্য উপাদানের সঙ্গে ব্যবহার করা হয়।

জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় নৌবাহিনী। জাহাজটির আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) নম্বর ৮৩৫৬৯৬২। নথিতে নিবন্ধনসংক্রান্ত তথ্য থাকলেও জাহাজটির নিবন্ধনের অবস্থা স্থগিত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

জব্দের পর থেকে জাহাজটি বেলাওয়ানের কাছে নোঙর করা রয়েছে। এর মালামাল, জাহাজের নথিপত্র এবং বিপজ্জনক রাসায়নিক পরিবহনের বৈধতা নিয়ে তদন্ত চলছে। পণ্যগুলোর বাংলাদেশি আমদানিকারক বা চূড়ান্ত গ্রহীতার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...