অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী চলবে এবং এতে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবেন। সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।
তিনি বলেন, “হামের রুটিন টিকাদান চলমান রয়েছে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। এটি নিয়মিত রুটিন টিকাদান কার্যক্রমের বাইরে অতিরিক্ত উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।”



