অল ক্রাইমস. টিভি ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
দুর্দান্ত ফর্মে মাঠে নামলেও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বড় বিপর্যয়ে পড়ে বার্সেলোনা। জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন পাউ কুবার্সি। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে ৪৫ মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারেজ।
১০ জনের দলে পরিণত হয়েও দ্বিতীয়ার্ধে ভালো লড়াই করে বার্সা। কিন্তু মার্কাস র্যাশফোর্ডের শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং লামিন ইয়ামালের গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় সমতায় ফেরা হয়নি তাদের। উল্টো ৭০ মিনিটে সোরলোথের গোলে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। এর ফলে ২০০৬ সালের পর প্রথমবার বার্সার মাঠে জয় পায় দলটি।
আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে ফিরতি লেগ। দুই গোলের ব্যবধান পুষিয়ে পরের ধাপে ওঠা বার্সেলোনার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারিতেও একই মাঠে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে হেরেছিল ফ্লিকের দল।



