পরীক্ষামূলক সংস্করণ

প্রস্তুত ভবন, নেই জনবল-চালু হচ্ছে না নতুন ইউনিট রোগীদের ভোগান্তি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল–এর নতুন ৫০০ শয্যার ইউনিট পুরোপুরি প্রস্তুত থাকলেও জনবল সংকটে চার মাস ধরে কার্যত অচল হয়ে আছে। আধুনিক সব সুবিধা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।

হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য রোগী। তাদেরই একজন পেশায় নিরাপত্তাকর্মী লাল মিয়া। হার্টের সমস্যায় কয়েকদিন ধরে হাসপাতালে আসলেও প্রতিবারই তাকে ফিরতে হচ্ছে ‘বেড খালি নেই’ শুনে। একই চিত্র দেখা গেছে আরও অনেক রোগীর ক্ষেত্রে। কেউ অন্য হাসপাতাল থেকে রেফার হয়ে এসেও ভর্তি হতে পারছেন না, আবার কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের করিডোরে স্ট্রেচারে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিন ৪০ থেকে ৫০টি বেড খালি হলেও রোগীর চাপ তার দ্বিগুণ। সার্জারির জন্য দীর্ঘ অপেক্ষা, আর এমআরআইয়ের সিরিয়াল পেতে সময় লাগছে প্রায় দুই মাস পর্যন্ত। জরুরি বিভাগ থেকেও অনেক রোগীকে সিট সংকটের কারণে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

এই ভোগান্তি কমাতে হাসপাতালের পাশেই নির্মাণ করা হয়েছে নতুন ৫০০ শয্যার একটি আধুনিক ইউনিট। সেখানে রয়েছে দুটি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার, ৪০ বেডের আইসিইউ, দুটি ক্যাথল্যাব, এমআরআই ও সিটি স্ক্যান সুবিধা। অবকাঠামো ও যন্ত্রপাতির দিক থেকে এটি দেশের অন্যতম আধুনিক চিকিৎসা ইউনিট হিসেবে প্রস্তুত।

হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন আহমেদ জানান, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতায় এটি সরকারি খাতের সেরা হাসপাতালগুলোর একটি হতে পারে। তবে পিপিআর নীতিমালার পরিবর্তনের কারণে জনবল নিয়োগসহ কিছু প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর নতুন ইউনিট চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও এখনো নিয়োগ সম্পন্ন হয়নি। এই ইউনিট চালু করতে প্রয়োজন প্রায় ১৪০০ জনবল। এর মধ্যে স্থায়ী পদ ৮৫২টি—চিকিৎসক ৪৪৬, নার্স ২৪৭ এবং অন্যান্য পদে বাকি জনবল। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও ৫৫৯ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে কামরুজ্জামান চৌধুরী বলেন, বর্তমানে প্রধান সমস্যা জনবল সংকট। ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে নতুন ইউনিটে সেবা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এই বর্ধিত ইউনিটের নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে এবং এতে ব্যয় হয়েছে প্রায় ৫০৬ কোটি টাকা। দীর্ঘ সময় ধরে অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল পরিকল্পনার ঘাটতির কারণে এখনো চালু করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা ইউনিটটি।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আসছে...