অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য খাতের আমূল সংস্কারই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত ‘চীনের দানকৃত মোবাইল মেডিকেল ভেহিকল বাংলাদেশে হস্তান্তর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্দেশ্যে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সেখানে চীন সরকারের উপহার হিসেবে দেওয়া ভ্রাম্যমাণ মেডিকেল ভেহিকল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, এসব মোবাইল মেডিকেল ভেহিকল দেশের প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং রোগ প্রতিরোধে এগুলো কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এসব উদ্যোগের মাধ্যমে পঙ্গুত্ব ও মৃত্যুহার কমাতে সহায়তা পাওয়া যাবে এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষ সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে।
স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, গত কয়েক বছরে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এই খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকারের মাধ্যমে এই খাতে পুনর্গঠন ও সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
চীন–বাংলাদেশ সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য খাতে গবেষণা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



